মোঃ ফজলুর রহমান (সম্পাদক, বাফা।)

মোঃ ফজলুর রহমান

বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) তথা বুলবুল ললিতকলা একাডেমি-এ উপমহাদেশে বাংলা ও বাঙালি সংস্কৃতি চর্চার প্রেক্ষিতে একটি প্রাচীনতম নাম। ১৭ মে ১৯৫৫ ভূমিষ্ঠ হয়েছিল বাফা। ১৭ মে ২০২৬, বাফা'র ৭২তম জন্মদিবস তথা ০৬ যুগে পদার্পণ। আমি বিভিন্নভাবে প্রতিষ্ঠানটির সাথে জড়িয়ে আছি প্রায় আড়াই দশকের অধিককাল থেকে- সমৃদ্ধ হয়েছি, ঋণী হয়েছি। বাফা জন্মেছিলো মাহমুদ নূরুল হুদার নেতৃত্বের হাত ধরে, আমার জন্মেরও একদশক পূর্বে। বাফা'র জন্মলগ্ন থেকে জড়িয়ে ছিলেন যাঁরা তাঁদের কাছে শুনেছি অনেক গল্প, অনেক কথা- পুরনো যাঁরা, পুরনো দিনের কথা তাঁরাইতো বলবেন। আমি আমার সমকালের কথা বলতে চাই ।

মনে হয়, এইতো সেই দিনের কথা; ৬০তম জন্মদিন উদযাপন করা হল ঘটা করে । বিনম্র শ্রদ্ধায় মনে পড়ছে, এরই মাঝে আমরা হারিয়েছি পিতৃতুল্য অভিভাবক বাফা'র সাথে ছিলো যাদের নাড়ির টান। আমরা হারিয়েছি বাফা'র প্রতিষ্ঠাতা সদস্য প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে, আমরা হারিয়েছি বাফা'র উপদেষ্টা শব্দ সৈনিক কামাল লোহানিকে, আমরা হারিয়েছি বাফার প্রথম নৃত্য গুরু বুলবুল চৌধুরীর সহকর্মী ও বাফা'র প্রতিষ্টাতা সদস্য গুরু শ্রী অজিত সান্যালকে, আমরা হারিয়েছি বাফা'র সভাপতি নিবেদিত প্রাণ বেগম শামসুয জাহান নূরকে, হারিয়েছি নির্বাহী সদস্য খন্দকার হাফিজুল হককে, হারিয়েছি বাফা'র সিনিয়র সহ-সভাপতি জনাব মতলুব আলী স্যার (ডিন, চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে। তাঁদের সাহচার্য আমি পেয়েছি, শুনিয়েছে তাঁদের গল্প, বাফা'র গল্প, বাফা'র বিকাশের গল্প ও বাফা'র সফলতার, বিফলতার গল্প – প্রত্যক্ষ বয়ানে । তাছাড়াও হারিয়েছি কয়েকজন গুণী শিক্ষককে; বুঝতে পেরেছি একটি মহৎ উদ্যোগকে যেতে হয় বন্ধুর পথ বেয়ে বেয়ে । বাফাও তার বাহিরে নয় ।

বাফা হাঁটছে তার লক্ষ্যের পথে- অবশ্যই পৌঁছাবে স্বপ্ন-গন্তব্যে। বাফা হবে একদিন শিল্প-সংস্কৃতি চর্চা ও শিক্ষার বিশ্ববিদ্যাপীঠ। বাফা'র ০৬ যুগ পূর্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করতে পেরে আমরা একই সাথে আনন্দিত এবং গর্বিত। সকল মহৎ আদর্শে কোন বিরোধ থাকে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাঙালির সংস্কৃতি বিকাশে বুলবুল চৌধুরী ও মাহমুদ নুরুল হুদাসহ নজরুলের স্বপ্ন ও আদর্শ অনুকরণে। অবশ্যই এগিয়ে যেতে হবে কার্য্য-নির্বাহী পরিষদ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়েই। যদিও অনেক পাথর ঠেলে ঠেলে কাদা-জল ভেঙ্গে আমাদের এগিয়ে যেতে হচ্ছে । ইতিহাস তার সাক্ষী দেবে। যদি দৈব বা নিয়তির সাথে আমাদের কোন বিরোধ না থাকে।

জয় হোক সুন্দরের।